চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো: রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২২ জানুয়ারি, তিন বছরের জন্য এই পদে তার নিয়োগ অনুমোদন করা হয়।
এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির তৎকালীন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুজ্জামানকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।
মো: রফিকুজ্জামান দীর্ঘদিন যাবত কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন মো: রফিকুজ্জামান। প্রোগ্রেসিভ লাইফে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৭ সালে যোগ দেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে।










